নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেলায় ফনী ও নিম্নচাপের প্রভাবে শুক্রবার (৩ মে) থেকে শনিবার (৪ মে) টানা মাঝারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। উপজেলার প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। দুই দিনের টানা বৃষ্টিতে জমির নানা জাতের ফসল বিনষ্ট হয়েছে। এতে বেড়েছে যমুনা, ধলেশ্বরী নদীসহ জেলার অন্যান্য নদীগুলোর পানি। বৃষ্টির প্রভাবে নিম্নাঞ্চলে উঠতি বোরো ধান বিনষ্ট হওয়া আশঙ্কা দেখা দিয়েছে।
ফনীর কারণে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে জনজীবনে প্রভাব ফেলেছে। দুই দিনের টানা বৃষ্টির ফলে হাটবাজারের অধিকাংশ দোকানপাঠ বন্ধ ছিল। খেটে খাওয়া সাধারণ মানুষজন ঘর থেকে বের হতে পারেনি। সড়কে যানবাহনের সংখ্যা ছিল কম। খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হয়নি।
টাঙ্গাইলে শনিবার (৪ মে) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯৩.৬ মিলিমিটার। এছাড়া বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ, দুপুর ১২টা পর্যন্ত আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আকাশের পুরোটা জুড়ে মেঘ ছিল। এছাড়া বাতাসের বেগ সকালে ছিল ১০ নটিক্যাল মাইল। যা দিনের সর্বোচ্চ গতিবেগ ছিল।
টাঙ্গাইল জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক নবী হোসেন বলেন, প্রতি ৩ ঘণ্টা পরপর ঢাকা অফিসে জেলার তথ্য পাঠানো হয়। সেখান থেকে আবহাওয়ার পরবর্তী পূর্বাভাস পাওয়া যাবে। টাঙ্গাইলে দেড় ঘন্টা অবস্থান করে ফনী ভারতের আসামের দিকে চলে যায়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
