Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ব্রিজ ও রাস্তার অভাবে ভোগান্তিতে শতাধিক পরিবার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের শতাধিক পরিবার ব্রিজ রাস্তার অভাবে চরম ভোগান্তিতে রয়েছে। সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, আজগড়া (নয়াপাড়া) গ্রামটি অনেক বছর যাবৎ অবহেলিত।
সারাদেশের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন হলেও এই এলাকাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। গ্রামের মাঝখানে একটি খাল রয়েছে। খালের বেশ কিছু অংশ প্রভাবশালীরা দখল করে বাড়িঘর ও মাঝে মাঝে বাধ দিয়ে পুকুর করে রেখেছে। খালটি উত্তর-দক্ষিণমুখী হওয়ায় পূর্ব এবং পশ্চিম পাড়ে একটি রাস্তা অনেক দিন আগে থেকেই জনগণ চলাচল করে আসছে। খালটির পশ্চিম পাশের পাকা রাস্তার সাথে এলাকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। পায়ে হাঁটার সরু রাস্তা ও বাঁশের সাঁকো দিয়ে অনেক কষ্টে এলাকাবাসীকে চলাচল করতে হয়।

প্রতিবছর বন্যার কারণে রাস্তায় পানি ওঠে এবং কাদা মাটির কারণে জনগণের পায়ে হেঁটে চলাচল খুবই কষ্ট হয়। ওই গ্রামের সরু কাঁচা রাস্তা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ছাপড়া মসজিদ রয়েছে। রাস্তা ও ব্রিজ না থাকার কারণে নামাজ পড়তে যাতায়াত করা মুসল্লিদের ভোগান্তির শেষ নেই।

একটু বৃষ্টি হলেই কাদা সহ নানা প্রকার সমস্যা হয় এবং যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। ওই এলাকার অর্থাৎ ২ নং হাদিরা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রেজাউল করিম এ ব্যাপারে সংসদ সদস্য, চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন অনেক বছর যাবৎ এই গ্রামবাসী ব্রিজ ও রাস্তা না থাকার কারণে চরম ভোগান্তিতে রয়েছে। ওই এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মোঃ ইব্রাহিম খলিল বলেন ব্রিজ ও রাস্তা না থাকার কারণে ছেলে মেয়েদের স্কুলে যেতে সমস্যা হয়।
কেউ অসুস্থ হলে হাসপাতলে কিংবা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। কেউ মারা গেলে লাশ কবরস্থানে নিতে অনেক দুর্ভোগ পোহাতে হয়।

ওই এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোঃ আসাদুল হক মাসুম বলেন ব্রিজ ও রাস্তা না থাকার কারণে আমাদের ব্যবসায়ীক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই এলাকার বাসিন্দা বেলাল হোসেন, জামাল মিয়া ও হাবিবুর রহমানের সাথে কথা হয়। তারা বলেন রাস্তা করার জন্য যদি জমি প্রয়োজন হয়, তবে আমরা সে জমি দিতেও রাজি আছি। আমরা চাই এলাকায় একটি ব্রিজ ও রাস্তার মাধ্যমে আমাদের এই গ্রামের মানুষকে যেন এই ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হয়।

ওই গ্রামের মোঃ হোসেন আলী ও শামসুল হক বলেন এ ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে সরকারের সুদৃষ্টি কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ব্যাপক উন্নয়ন করছে। আমরা চাই রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণের মাধ্যমে আমাদের গ্রামেও যেন উন্নয়নের ছোঁয়া লাগে। একটি ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version