Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ভন্ডপীরে চিকিৎসার নামে নব-বধূকে ধর্ষণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে চিকিৎসার নামে ভন্ডপীর আ. মজিদের হাতে ধর্ষণের শিকার হয়েছে জনৈক নব-বধূ (২০)। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার বিকালে ধনবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ওই নব-বধূকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ওই ভন্ডপীরের ছেলে শাহদত হোসেন (৩০) কে আটক করেছে। তবে এ ঘটনার নায়ক ভন্ডপীর আ. মজিদ (৫০) পলাতক রয়েছে।

ধনবাড়ী থানা পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌরসভাধীন হবিপুর গ্রামের সাম্প্রতিক বিয়ে হওয়া জনৈক নব-বধূ (২০) কে পাশের বাড়ীর ভন্ডপীর আ. মজিদ ভূইঁয়া (৫০) চিকিৎসার নামে একাধিকবার ধর্ষণ করে।

বিষয়টি ওই নব-বধূ প্রথম দিকে লোকলজ্জার ভয়ে চেপে গেলেও পরবর্তীতে তার স্বামী ও শাশুড়িকে গোপনে জানায়। এর পর ধর্ষণের ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে প্রভাবশালী ভন্ডপীর আ. মজিদ ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে। এভাবে এলাকায় ঘটনাটি ব্যাপকভাবে জানাজানি হলে খবর পেয়ে ধনবাড়ী থানার ওসি (তদন্ত) খান হাসান মোস্তফা গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় অভিযান চালিয়ে ওই নব-বধূকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন এবং জিজ্ঞাসাবাদের জন্য পীরের ছেলে শাহদত হোসেন (৩০) কে আটক করে থানায় নিয়ে যান।

স্থানীয় আওয়ামী লীগ নেতা ধনবাড়ী পৌর সভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আপোষযোগ্য না হওয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি (তদন্ত) খান হাসান মোস্তফা জানান, খবর পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞসাবাদের জন্য ভন্ডপীরের ছেলেকে আটক করা হয়েছে। ঘটনার নায়ক পলাতক ওই ভন্ড পীর আ. মজিদকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version