নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে যমুনা নদীতে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যমুনা নদীর তীরে বেড়াতে গিয়ে বালুবাহী ভলগেটের উপর দাঁড়িয়ে ছবি তোলার সময় নদীতে পড়ে নিখোঁজ রাবেয়া (৫) ১৭ঘন্টায়ও সন্ধান পাওয়া যায়নি। গতকাল বিকাল ৫ টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের ল্যাংড়া বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিখোঁজ ওই শিশু উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি গ্রামের এরশাদ আলীর মেয়ে রাবেয়া(৫) । ওই শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে বুধবার বিকালে পরিবারের সবাই ল্যাংড়া বাজার এলাকার যমুনা নদীর তীরে ঘুরতে আসে। এসময় রাবেয়ার বাবা এরশাদ আলী রাবেয়াকে বালুবাহী ভলগেটের উপর দাঁড় করিয়ে ছবি তুলতে গেলে সে নদীতে পড়ে যায়। স্রোত বেশি থাকায় পরিবারের সদস্যরা চেষ্টা করেও তার কোন খোঁজ পায়নি।
পুলিশ এবং টাঙ্গাইল ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা চালালেও অতিরিক্ত ভলগেট থাকায় রাত ৯টার দিকে উদ্ধার কাজ বন্ধ রাখে সার্ভিস। এ ঘটনায় রাবেয়ার পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পাওয়া মাত্রই টাঙ্গাইল ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারের আপ্রান চেষ্টা চালায়। কিন্তু অতিরিক্ত ভলগেট থাকায় উদ্ধার কাজে সমস্যা হওয়ায় রাত ৯টা থেকে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
