নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লাঠিসোঁটা নিয়ে বাড়িতে আক্রমণ করায় মুনসুর আলী (৫৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বীরবাসিন্দা ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুনসুর আলী বীরবাসিন্দা ফকিরপাড়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বীরবাসিন্দা ফকিরপাড়ার মুনসুর আলীর সঙ্গে জুলহাস পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
স্থানীয় চেয়ারম্যান ছোহরাব আলী বলেন, প্রতিপক্ষের লাঠিসোঁটার ভয়ে স্ট্রোক করে মারা গেছেন বলে তিনি শুনেছেন। সম্প্রতি দুই পক্ষের মধ্যে সালিশ মীমাংসার বৈঠক হয়েছে।
মৃত মুনসুর আলীর স্ত্রী ফাতেমা ও তার ছেলের স্ত্রী মুনজুরা বলেন, সকালে জমিসংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষ জুলহাস, পিন্টু, লিটন ও মিনহাজ লাঠিসোঁটা নিয়ে বাড়িতে এসে কথা কাটাকাটির একপর্যায়ে তারা মারতে উদ্যত হয়।
এ সময় ঘটনাস্থলে গেলে দেখা যায় মুনসুর মাটিতে পড়ে রয়েছেন। পরে তাকে উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে প্রতিপক্ষ পিন্টু, জুলহাস, লিটন ও মিনহাজ গা-ঢাকা দিয়েছেন। তাই অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহত বৃদ্ধ মুনসুর আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
.
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
