Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে লৌহজং নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

নিজস্ব প্রতিনিধি:- টাঙ্গাইলের লৌহজং নদী উদ্ধারে তৃতীয় দফায় উচ্ছেদ অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। প্রায় তিন বছর উদ্ধার কার্যক্রম স্থবির থাকার পর সরকারে নির্দেশনায় আবারও নদী উদ্ধারে নামে প্রশাসন।

সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে সমন্বিতভাবে নদী দখল করে গড়ে উঠা সাততলা বিশিষ্ট একটি ভবন উচ্ছেদের মধ্যে দিয়ে এ নদী উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

এর আগে বেলা বারটার দিকে পৌর এলাকার ভেড়াডোমায় সভা আয়োজন করে এর উদ্বোধন করা হয়।

এর আগে ৫০ বছর পর ২০১৬ সালে ঘটা করে সমন্বিত উচ্ছেদ অভিযানের মাধ্যমে নদীর দুই তীর উদ্ধারে নামে কর্তৃপক্ষ। প্রায় দুই কিলোমিটার অংশের দু’পাড়ের অল্প কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদের পর অজানা কারণে বন্ধ হয়ে পরে লৌহজং নদী উদ্ধার কর্মসূচি। পরে গেল মাসে আবার এ অভিযান শুরু করা হয়।

এদিকে সরকারের নির্দেশনা মোতাবেক নদীর দুই তীরের দশ মিটার বা ৩৩ ফিট করে দখলমুক্ত করার নির্দেশ থাকলেও মানবিক কারণ দেখিয়ে দুই তীরে ২০ ফিট করে অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলার ঢালান শিবপুর থেকে মির্জাপুরের বংশাই নদী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার দীর্ঘ এক সময়ে খরস্্েরাতা এই লৌহজং নদী। নদীটি শহরের অংশেই বয়ে গেছে প্রায় ১০ কিলোমিটার। আর এই ১০ কিলোমিটার অংশের দু’পাশে হাজার হাজার বাড়িঘর ও অবৈধভাবে স্থাপনা গড়ে উঠায় দখল দুষণে বর্তমানে সরু নালায় পরিনিতি লাভ করেছে। অথচ এক সময় এই নদী দিয়ে জাহাজ ও লঞ্চ চলতো শহরের আমঘাট পর্যন্ত। কলকাতা ও লন্ডনের সাথে নৌপথে বাণিজ্যিক যোগাযোগ রক্ষায় লৌহজং নদীর ছিলো অপরিসীম ভূমিকা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version