Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে শিক্ষার্থীদের টিকা দেওয়া বন্ধ

News Tangail

নিউজ ডেস্ক: জেলা শিক্ষা অফিসের গাফিলতি ও সমন্বয়হীনতার কারণে টাঙ্গাইলে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে টিকা নিতে যাওয়া শিক্ষার্থীরা। গত দুই দিন ধরে তারা টিকা কেন্দ্রে গেলেও তাদের টিকা দেওয়া হয়নি।

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ কেন্দ্রে সরেজমিন দেখা যায়, টিকা গ্রহীতাদের লাইন। সেই লাইনে শিক্ষার্থীরাও দাঁড়িয়ে আছে। টিকা নেওয়ার জন্য ভিতরে প্রবেশ করলে তাদের জানিয়ে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে না। ফলে তাদের ফিরে আসতে হচ্ছে।

কুমুদিনী সরকারি কলেজের শিক্ষার্থী আশমিকা আলম বলেন, টিকা দিতে এসে আমি ৩ থেকে ৪ দিন ধরে ঘুরতেছি। পরে আমাকে বলা হয়- টিকা শেষ হয়ে গেছে। ২-৪ দিন পরে আসলে টিকা পাওয়া যাবে বলে আমাকে জানানো হয়েছে।

একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মাসুম মিয়া বলেন, কলেজ থেকে টিকা নিতে বলেছে। টিকা দিতে এসে লাইনে দাঁড়িয়েছিলাম। যখন টিকা নিতে গেলাম, তখন বলা হলো আমরা টিকা পাব না। ক্লাশ বাদ দিয়ে আসলাম কিন্তু টিকা নিতে পারলাম না। কেন্দ্র থেকে বলা হলো আপনারা কলেজে যান, সেখান থেকে জানিয়ে দেওয়া হবে।

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন বলেন, শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে আমরা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে তথ্য চেয়েছিলাম। কিন্তু তিনি দুইবার দুই রকম তথ্য দিয়েছেন। যার ফলে টাঙ্গাইল সদর উপজেলার শিক্ষার্থীরা টিকা দিতে পারছে না। গত ১৩ জানুয়ারি তিনি ৩ লাখ ১ হাজার ৫৭৩ জন শিক্ষার্থীর তালিকা দেন। তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন করে স্বাস্থ্য অধিদফতরে টিকার আবেদন করেছি।

জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম বলেন, সদর উপজেলা থেকে যে তথ্য দেওয়া হয়েছিলো, সেই অনুযায়ী তালিকা করে স্বাস্থ্য বিভাগকে পাঠানো হয়েছিলো। আমার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সদর উপজেলার শিক্ষার্থীদের তথ্য দেওয়া হয়। সেই তথ্য আমি জেলা স্বাস্থ্য বিভাগকে পাঠিয়েছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version