Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে শ্রমিক লীগ নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ২

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা হত্যার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

বিষয়টি টাঙ্গাইল সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন নিশ্চিত করেছেন। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার রাতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (২৭ নভেম্বর) তাদের গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

এর আগে শুকবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১২ টায় টাঙ্গাইল সদর থানায় নিহত রেজাউলের ভাই রাশেদুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন।

মীর মোশারফ হোসেন জানান, মামলায় চারজনকে আসামী করা হয়েছে। এরা হচ্ছেন, শহরের এনায়েতপুর এলাকার হারুন অর রশীদের ছেলে সাজ্জাদান দিন দ্বীপ (২৬), আকুরটাকুর পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. রবিন মিয়া (২৭), কোদালিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন এবং একই এলাকার আব্দুল হামিদের ছেলে পাভেল (২৮)।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শুক্রবার নয়ন ও শাকিল নামের দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের বাড়ি বাসাইল উপজেলায়। শনিবার এই মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় রেজাউলকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। আহত রেজাউলকে ওইদিনই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোববার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার বিকেল সাড়ে চারটায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

বৃহস্পতিবার ঢাকার শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ টাঙ্গাইল আনা হয়। শুক্রবার দুপুরে নতুন বাস টার্মিনালে জানাযা শেষে তাকে কান্দিলা কবস্থানে দাফন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version