Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সন্তানের সামনেই মাকে গলা কেটে হত্যা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে চার বছরের শিশু কন্যা সন্তানের সামনেই মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত রেজিয়া বেগম ওই ইউনিয়নের সৌদী প্রবাসী আরিফ হোসেন স্ত্রী। তিনি এক ছেলে আর এক কন্যা সন্তানের জননী।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ও স্বজনরা জানান, বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের রক্ষিত বেলতা মাদ্রাসায় তার ছেলের জন্য রাতের খাবার নিয়ে যান সৌদি প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী রেজিয়া বেগম। ছেলেকে খাবার দিয়ে ফেরার পথে দুস্কৃতিকারীরা রাস্তার পাশের একটি ধান ক্ষেতে তাকে জবাই করে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে গলাকাটা পরিত্যক্ত অবস্থায় ওই গৃহবধুর পাশে থাকা শিশুটির কান্নার শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে গৃহবধু রেজিয়া বেগমকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিসহ হত্যাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া বইছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version