Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে সাবেক সিভিল সার্জনের বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকার আকুরটাকুর পাড়া বকুল তলা থেকে শামীম হোসেন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইলের সাবেক সিভিল সার্জন ডা. মো. আব্দুল বাছিতের বাসার নিচতলায় এক্স-রে রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। শামীম মধুপুর উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাইদকাই গ্রামের শাহজাহানের ছেলে। তিনি আব্দুল বাছিতের বাসার কেয়ারটেকার ও ড্রাইভার ছিলেন।

ডা. মো. আব্দুল বাছিত জানান, গত মঙ্গলবার (২ জুলাই) থেকে শামীম হোসেনকে কোথায় খুঁজে না পেয়ে তার পরিবারের লোকজনদের জানানো হয়। বৃহস্পতিবার (৪ জুলাই) বাসার নিচতলায় প্রচন্ড গন্ধ বের হয়। পরে তিনি কোথাও কোন ইঁদুর-বিড়াল মরে রয়েছে কিনা অন্যান্য কেয়ারটেকারদের খোঁজ নিতে বলেন। এসময় মো. সায়েম নামের একজন বাসার নিচতলায় এক্সরে রুমের দরজা খুলতেই শামীমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। এসময় বাসার লোকজন এসে পুলিশে খবর দেয়।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version