Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ‘স্পিরিট’ খেয়ে ৫ জনের মৃত্যুর ঘটনায় আত্মগোপনে ফার্মেসি মালিক

News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে অ্যালকোহল জাতীয় হোমিও ‘স্পিরিট’ খেয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। আরও ২ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত শনিবার (১৮ মার্চ) রাতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা বাজারের জনসেবা হোমিও ফার্মেসী থেকে অ্যালকোহল জাতীয় ‘স্পিরিট’ কিনে পান করায় তারা মারা যায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২৫ মার্চ) দুপুরে সরেজমিনে পালিমা এলাকায় গিয়ে দেখা যায় ওই পাঁচজনের মৃত্যুর খবরে ফার্মেসি মালিক ডা. মো. আব্দুস ছামাদ মিঞা ফার্মেসিটি বন্ধ করে আত্মগোপনে রয়েছেন।

মোবাইলে ফার্মেসির মালিক ডা. মো. আব্দুস ছামাদ মিঞা বলেন, আমার ফার্মেসি থেকে তাদের কাছে কোনো ধরনের ওষুধ বিক্রি করা হয়নি এবং আমি কোনো স্পিরিট বিক্রি করি না। স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান আতিক মেম্বার ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। নিরাপত্তার কারণে ফার্মেসি বন্ধ করে বাড়িতে আছি।

জানা গেছে, গত শনিবার রাতে স্পিরিট পান করে অসুস্থ হওয়ায় পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতে ও পরদিন রবিবার (১৯ মার্চ) সকালের মধ্যে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় রবিবার রাত ২টার দিকে পালিমা গ্রামের মৃত ছামান আলীর ছেলে ফারুক মিয়া (৩৫) ও সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কুচুটি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে জুলহাস মিয়া (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে সকাল সাড়ে ১১টার দিকে কুচুটি গ্রামের মৃত বক্কর আলীর ছেলে আনছের আলী (৫০) নিজ বাড়িতে মারা যান।

অসুস্থরা হচ্ছেন- বিলপালিমা গ্রামের মুক্তার আলীর ছেলে মেহেদী ও কুচুটি গ্রামের জুয়েল। এর মধ্যে মেহেদীকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান জানান, জুলহাস, আনছের আলী, ফারুকসহ পাঁচজন শনিবার (১৮ মার্চ) রাতে পালিমা বাসস্ট্যান্ডের জনসেবা হোমিও ফার্মেসি থেকে অ্যালকোহল জাতীয় স্পিরিট কিনে পান করে অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুইজন ও বাড়িতে এসে একজন মারা গেছেন।

তিনি আরও জানান, মেহেদী নামে একজনকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে। অপর নিহত নন্দলাল মোদক ও তারাপদ কর্মকার ওই দোকানের স্পিরিট পান করে সম্প্রতি মারা গেছেন।

স্পিরিট’ পানে ৫ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার জানান, দীর্ঘদিন ধরে পালিমা বাসস্ট্যান্ডের জনসেবা হোমিও ফার্মেসী থেকে অ্যালকোহল জাতীয় স্পিরিট বেচাকেনা হচ্ছে। হোমিওপ্যাথির ফার্মেসিতে অবৈধ স্পিরিট বিক্রি বন্ধের জন্য জনসেবা ফার্মেসির মালিক ডা. ছামাদকে আগেও নিষেধ করা হয়েছিল।

এদিকে এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, স্পিরিট পান করে পর পর পাঁচজন নিহত হওয়ার ব্যাপারে অবগত না। তাছাড়া কেউ অভিযোগও করেনি। কোনো পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version