নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের পৌলি ও ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি বাংলা ড্রেজার ও বালু কাটার তিনটি ভেকু ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে কালিহাতী উপজেলার পৃথক দুটি স্থানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার পৌলি সেতুর পাশে একটি বাংলা ড্রেজার এবং এলেঙ্গা পৌরসভার বাঁশি এলাকার ধলেশ্বরী নদীতে ৫টি বাংলা ড্রেজার ও বালু কাটার ৩টি ভেকু বসিয়ে কিছু অসাধু বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার ও ভেকু ধ্বংস করেন। এসময় কালিহাতী সার্কেল এএসপি রাসেল মনিরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান বলেন, যারা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করবে ধারাবাহিকভাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

