- নিজস্ব প্রতিবেদক: গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে টাঙ্গাইল পৌর শহরে বিভিন্ন সড়কে হাঁটু পানি জমেছে। ফলে সড়কের দুই পাশে থাকা ড্রেনের পানির সঙ্গে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। এদিকে, শহরের বিভিন্ন এলাকায় খানাখন্দের সৃষ্টি হওয়ায় সড়কে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সোমবার (১ আগস্ট) সকাল থেকে দুপুর বৃষ্টির কারণে পৌর শহরে এমন চিত্র দেখা যায়।
স্থানীয়রা জানায়, পৌর শহরের কাজী নজরুল স্বরণী (সাবেক জেলা সদর সড়ক), বটতলা, জেলা সদর অফিসপাড়া, সাবালিয়া, রেজিষ্ট্রিপাড়া, পশ্চিম আকুরটাকুরপাড়া, পাঁচআনী-ছয়আনী বাজার সড়ক, বিশ্বাস বেতকা, আদালতপাড়া, আদি টাঙ্গাইল, বেড়াবুচনা, বেবিস্ট্যান্ড-বটতলা সড়কসহ বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
স্থানীয়দের অভিযোগ, শহরের ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় সামান্য বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টি হয়। ড্রেনের পঁচা পানির সঙ্গে বৃষ্টির পানি একাকার হয়ে দুর্গন্ধের সৃষ্টি করে। ফলে স্থানীয় পর্যায়ে কোন কোন সময় দুর্গন্ধে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের সংক্রমণ বেড়ে যায়। খানাখন্দ থাকায় সড়কে পানি জমে দুর্ঘটনা ঘটে। শহরবাসী এ সমস্যা থেকে পরিত্রাণ চায়।
এ বিষয়ে জেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আল মামুন জুয়েল জানান, বৃষ্টির পর শহরের সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সড়কে পানি জমে থাকায় খানাখন্দের কারণে দুর্ঘটনা ঘটে। এসব যন্ত্রণা থেকে রক্ষা পেতে পৌরসভার মেয়রসহ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
এ প্রসঙ্গে টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর জানান, শহরের বেশ কয়েকটি সড়ক ও ড্রেনের টেন্ডার আহ্বান করা হয়েছে। আধুনিক ড্রেন নির্মাণ করে পয়নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি সচল করে পৌরবাসীর এ দুর্ভোগ লাঘব করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
