নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের ‘ট্রাক’ প্রতিকের স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলামের লাউহাটীর কাতুলি গ্রামে নিজ বাসায় গতকাল বুধবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় তার পরিবারের সদস্যদের মেরে ফেলারও হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেছেন ব্যারিস্টার আশরাফ।
তিনি জানান, গতকাল সন্ধ্যায় ২০-২৫ টি মোটরসাইকেল ও একটি মাইক্রো গাড়ী নিয়ে অতর্কিত ভাবে আমার বাসায় এসে সন্ত্রাসীরা ফাঁকা গুলি শুরু করে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা প্রানের ভয়ে ঘরের ভেতর তালা লাগিয়ে লুকিয়ে পরি। গোলাগুলির শব্দে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ও আমার কর্মী সমর্থকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
ব্যারিস্টার আশরায় বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। এর আগে নির্বাচনি প্রচারনার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি গাড়ী ভাঙচুর করেছে তারা। আমার ছোট ভাইকে নির্মম ভাবে আহত করা হয়েছে। আমার পোস্টার গুলো ছিঁড়ে ফেলা হয়েছে। আমার নির্বানি অফিসে তালা ঝুলিয়েছে। আমি হামলা মামলার ভয়ে বাড়ি থেকে বের হতে পারছিনা। আমাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হচ্ছে। যেকোন সময় আমার বিরুদ্ধে তারা মিথ্যে মামলা দায়ের করতে পারে।
স্থানিয় প্রশাসনকে জানিয়েও কোন কাজ হচ্ছেনা। একটি স্বাধীন দেশে আমি একজন ব্যারিস্টার হয়েও নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাহলে সাধারন মানুষের নিরাপত্তা কোথায়? প্রশাসন নিরপেক্ষ ভাবে আমি ও আমার নেতা কর্মীদের পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা করছি। অন্যথায় আমি আমার পরিবার ও নেতা কর্মীদের কোন ক্ষতি হলে তার দায় প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগকে নিতে হবে।
এব্যাপারে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদিরা আক্তার জানান, ব্যারিস্টার আশরাফের বাসায় তাৎক্ষনিক পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। এবং তার নিরাপত্তার স্বার্থে ঐ অঞ্চলের বিজিবির দায়িত্বে থাকা কর্মীদের সকাল দুপুর ও রাতে তার বাড়ির সামনে টহল দেয়ার জন্য বলা হয়েছে।

