Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

News Tangail

নিউজ ডেস্ক: টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী।

জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান কালের কণ্ঠকে বলেন, শূন্য আসনের উপনির্বাচনে ৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক দেওয়া হয়েছে। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ (নৌকা), জাতীয় পার্টির জহিরুল হক জহির (লাঙল), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী পাওয়ার (হাতুড়ি), বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী (ডাব) ও স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু (মোটরগাড়ি কার) দেওয়া হয়েছে।

এর আগে আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ একজন ঋণখেলাপির জামিনদার থাকায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং অফিসার। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান শুভ।

খান আহমেদ শুভ মির্জাপুরের বিভিন্ন এলাকায় নিয়মিত উঠান বৈঠক এবং উন্নয়নমূলক কাজ করছেন। কর্মীবান্ধব শুভ মির্জাপুরের তরুণ যুব সমাজের অন্তরে ইতোমধ্যে পাকাপোক্তভাবে স্থান করে নিয়েছেন। বঞ্চিত আওয়ামী লীগের নেতাকর্মী ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে সরকারের নানা সফলতা তুলে ধরছেন। তার পিতা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং এই আসনের সাবেক সংসদ সদস্য হওয়ায় সাধারণ মানুষ সহজেই তাকে আপন করে নিয়েছেন।

মির্জাপুর তথা টাঙ্গাইল জেলার আওয়ামী রাজনীতিতে এই (শুভর) পরিবারের অনেক ত্যাগ এবং অবদান রয়েছে। সব মিলিয়ে শুভর দিকে তরুণ-যুব সমাজসহ সাধারণ মানুষের ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে দলীয় নেতাকর্মীদের মধ্যে খান আহমেদ শুভর ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে।

খান আহম্মেদ শুভ কালের কণ্ঠকে বলেন, আমি প্রধানমন্ত্রী ও দলীয় নেতাকর্মীদের কাছে চিরকৃতজ্ঞ। রাজনীতি করি মানুষের জন্যে। কোনো চাওয়া পাওয়া থেকে নয়। আমার বাবা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে তার আদর্শ বুকে ধারণ করে সারা জীবন ধরে মানুষের জন্যে কাজ করছেন। আমিও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মির্জাপুরবাসীর জন্য কাজ করতে চাই। আশা করি মির্জাপুরের মানুষ আমাকে সেই সুযোগ করে দেবেন। দেশরত্নকে আসনটি উপহার দেব।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৩০ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র যাচাই বাছাই ছিল ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর। আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version