Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গালে স্ত্রীকে হত্যা করে স্বামী বিষপানে আত্মহত্যার চেষ্টা 

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী। ঘটনার পর স্বামী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের গড়জনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ রাতে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে রবিবার (২৬ সেপ্টেম্বর) নিহতের ভাই কায়সার হামিদ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ছবুরা খাতুন উপজেলার রসুলপুর গ্রামের মৃত ইব্রাহিমের মেয়ে। প্রায় ৩০ বছর আগে একই উপজেলার গড়জনাপাড়া গ্রামের আব্দুল লতিফ (৫০) সঙ্গে ছবুরার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে।

লতিফ দীর্ঘদিন কাতারে প্রবাসে ছিলেন। তিন মাস আগে দেশে এসেছেন। তারা দুজনই একে অপরকে পরকীয়ার বিষয়ে সন্দেহ করতেন। এ নিয়ে তাদের সংসারে কলহ লেগেই ছিল। সম্প্রতি দেশে আসার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ আরো বেড়ে যায়। শনিবার সকালে ছেলে সাব্বির মাদরাসায় যায়। দুপুরে মাদরাসা থেকে বাড়িতে ফিরে ঘরে গিয়ে দেখে মুখে স্কচটেপ ও গলায় গামছা পেঁচানো মায়ের নিথর দেহ খাটের ওপর পড়ে আছেন। তার বাবা লতিফ বিষপান করে মুমূর্ষু অবস্থায় পাশের খাটে পড়ে আছেন।

সাব্বিরের চিৎকারে গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে ছবুরাকে মৃত অবস্থায় দেখতে পায়। এ সময় লতিফকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। লতিফ বর্তমানে সেখানে চিকিৎসাধীন। খবর পেয়ে শনিবার রাতে পুলিশ ছবুরার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ছবুরার মামাতো ভাই প্রতিবেশী নুরু মিয়া বলেন, পরকীয়ার সন্দেহে দুজনের মধ্যে বিবাদ-কলহ প্রতিদিনই হতো। শনিবারও এ নিয়ে সকাল থেকেই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ধারণা করা হচ্ছে, ঝগড়ার একপর্যায়ে লতিফ ছবুরাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। পরে নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম পিপিএম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি একটি হত্যাকাণ্ডই মনে হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রবিবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version