Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঢাকাইয়া গানে ঈদ মাতাবেন তারা

আসছে ঈদে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। বেলাল খানের ফিচারিংয়ে গানটির টাইটেল ‘বাপের বড় পোলা’। ‘আব্বে বাপের বড় পোলা/ তার চোখ দুইটা ঘোলা ঘোলা- গলির চিপায় খিস্তি ঝাড়ে/ জামার বোতাম রাখে খোলা’ এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। গানটির সুর করার পাশাপাশি মমতাজের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বেলাল খান। সংগীতায়োজনে আল আমিন ও আদিব কবির।

জমজমাট গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এই গানের মাধ্যমেই সুপারহিট গান ‘লোকাল বাস’ এর পর কোনো মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন মমতাজ। গানটিতে বেলাল খান ও মমতাজের উপস্থিতি ছাড়াও অভিনয় করেছেন রেহনুমা মোস্তফা ও আলভী জাহেরসহ একদল নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন।

দীর্ঘদিন পর নতুন গান প্রসঙ্গে মমতাজ বলেন, ‘বেলালের সুরে প্রথমবার গেয়েছিলাম নেকাব্বরের মহাপ্রয়াণ সিনেমায়। এই সিনেমায় গেয়ে একসঙ্গে দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছিলাম। এবারের গানটি একেবারেই আলাদা। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে অনেকটা পুরান ঢাকার ভাষার আদলে রিদমিক গানটি করা হয়েছে। ভিডিওর শুটিংয়ে সবাই অনেক মজা করেছি।’

বেলাল খান বলেন, ‘মমতাজ আপাকে ভেবেই এই গানটির পরিকল্পনা ও ডিজাইন করেছিলাম। বলা যেতে পারে নতুন জেনারেশনের সঙ্গে সংযুক্তি ঘটানোর একটা চেষ্টা ছিল এটি। এই ঈদে সেই পরিকল্পনাটি বাস্তবায়ন হচ্ছে। আমি গানটি নিয়ে আমার অনেক প্রত্যাশা।’

২৫ এপ্রিল বেলাল খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে উম্মুক্ত করা হবে ‘বাপের বড় পোলা’। এছাড়া শোনা যাবে স্বাধীন, অ্যামাজন প্রাইম, স্পটিফাই, আইটিউনস, গানা, সাভান, জিপি মিউজিকসহ দেশি-বিদেশি অনেক অ্যাপে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version