Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

দেশে দূর হয়েছে তাপপ্রবাহ, এবার কমবে তাপমাত্রা

News Tangail

অনলাইন থেকে: দেশের ১৮ জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ দূর হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। শনিবার (১৬ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার (১৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি স্থলভাগে উঠে আসায় এর প্রভাবে বাংলাদেশেও বেড়েছে বৃষ্টি। বরিশাল ও খুলনা বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি, এটা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনায়, ২৭ মিলিমিটার। ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরমের অস্বস্তি এখনো যায়নি। রোববার সকাল থেকেই ঢাকার আকাশে ঝলমলে রোদ।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকার অবস্থানরত লঘুচাপটি বর্তমানে তেলেঙ্গা এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু দেশের অন্যত্র সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল রয়েছে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version