Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ধর্ষণ ঘটনার মীমাংসায় শাকিবকে নিয়ে প্রযোজকের দুয়ারে অপু

News Tangail

অনলাইন থেকে, বিনোদন: ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর বিষয়ে লিখিত অভিযোগ করেছেন ‘অপারেশন অগ্নিপথ’র প্রযোজক রহমত উল্লাহ। এ ঘটনা মীমাংসার জন্য শাকিবকে নিয়ে প্রযোজকের দুয়ারে ছুটে গেলেন অপু বিশ্বাস। তবে এ সমস্যার সমাধান করতে পারেননি অপু।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে গুলশানের একটি রেস্তোরাঁয় অভিযোগকারী প্রযোজকের সঙ্গে শাকিব খানকে নিয়ে একটি বৈঠক করেন অপু বিশ্বাস। এ সময় শাকিব-অপু ও প্রযোজক ছাড়া আরও উপস্থিত ছিলেন প্রযোজক খোরশেদুল আলম খসরু প্রমুখ।

এর আগে, বুধবার (১৫ মার্চ) বিকালে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন। সংবাদটি প্রকাশের পরই বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়। একে একে দেশের গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে এই বিষয়ে সংবাদ। তবে বিষয়টি নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে আছেন অভিযুক্ত শাকিব।

এবার ধর্ষণের অভিযোগে বিপদগ্রস্ত শাকিবের পাশে দাঁড়ালেন তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিষয়টি মীমাংসার জন্য শাকিব খানকে সঙ্গে নিয়ে অপু বিশ্বাস গেলেন প্রযোজক রহমত উল্লাহ’র দরজায়। শাকিব ও অপু সঙ্গে নিয়ে যায় তিনশো টাকার একটি স্ট্যাম্পও।

বিষয়টি বর্ণনা দিয়ে অভিযোগকারী প্রযোজক রহমত উল্লাহ বলেন, ‘অপু বিশ্বাস আমাকে বারবার ফোন করেন বিষয়টি মীমাংসার জন্য। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে আমি গুলশান একটি রেস্টুরেন্টে ছিলাম। তখন অপু আবারও ফোন করেন। তিনি শাকিব খানের সঙ্গে আমাকে দেখা করার জন্য অনুরোধ করেন। আমি পরিষ্কার বলে দিলাম শাকিব খানের কাছে আমি যেতে পারব না। আমার সঙ্গে দেখা করতে হলে শাকিব যেন আসে। আমি আমার লোকেশন দেই অপু বিশ্বাসকে।’

আমার সঙ্গে ছিলেন প্রযোজক খোরশেদুল আলম খসরু ভাই ও একটি গানের দল। অপু কিছুক্ষণ পর শাকিবকে নিয়ে রেস্টুরেন্টে এলেন। একটি তিনশো টাকার স্ট্যাম্প নিয়ে এসেছিলেন। সেখানে শাকিব সাইন করে দিতে চেয়েছে বারবার এই মর্মে যে, তিনি আমার সিনেমার কাজ শিগগিরই শেষ করে দেবেন। আমি কোনো সাইন নেইনি। কোনো মীমাংসাও হয়নি। আমি আজ গ্রামের বাড়ি যাচ্ছি। তাই বিস্তারিত কিছু বলতে পারিনি, যোগ করেন তিনি।

রহমত উল্লাহ আরও বলেন, ‘শাকিব ও অপু দুজনেই বলেন, ভুল বোঝাবুঝির অবসান করতে চান। কিন্তু এখানে তো ভুলের কিছু দেখছি না। ঘটনাতো সত্যি। আমার অভিযোগ শতভাগ সত্যি। তবে শাকিব আবারও আমার সঙ্গে বসতে চেয়েছে আমি গ্রাম থেকে এসে বসব। সবকিছু ঠিক থাকলে আমার অভিযোগ হয়তো তুলে নিতে পারি কিন্তু অভিযোগ যা করেছি সেটা শতভাগ সত্যি। শাকিবের কারণে আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version