Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানিয়েছেন মির্জা ফখরুল

News Tangail

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এ জয়কে প্রথমে স্বাগত না জানালেও ধীরে ধীরে বরফ গলতে শুরু করেছে বিএনপির। নতুন মন্ত্রিসভা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে এমন আভাসই পাওয়া গেলো।

৬ জানুয়ারি, বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের নতুন মন্ত্রিসভায় নতুনত্বের ছোঁয়া রয়েছে। নতুন মন্ত্রীদের দায়িত্ব দিলেও পুরনো এবং অভিজ্ঞরা বিশেষ করে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, আ হ ম মোস্তফা কামাল, আ ক ম মোজ্জামেল হক, মোস্তফা জব্বার ও ইয়াফেস ওসমানদের মত মন্ত্রীরা বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে সমর্থ হবেন। আমি আশাবাদী যে, নতুন-পুরাতনদের নিয়ে গঠিত হতে যাওয়া মন্ত্রিসভা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরো বেগবান করতে যে যার জায়গা থেকে সমর্থ অনুযায়ী অবদান রাখবেন।

মির্জা ফখরুল আরো বলেন, হাসিনা সরকার এবার বিতর্কিতদের মন্ত্রিত্ব দেননি। এটিকে নেতৃত্বগুণাবলীর অংশ বলা যেতে পারে। বিতর্কিতদের মধ্যে মতিউর রহমান, যিনি ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ধর্মমন্ত্রী থাকাকালে হজ নিয়ে নানা সময়ে তিনি বিতর্কিত হয়েছেন। আত্মীয়-স্বজনের অপ্রিয় কর্মকাণ্ডের জন্যও তিনি সমালোচিত ছিলেন। এছাড়া শাজাহান খান নৌমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু এই শ্রমিক নেতা নানা কারণে সমালোচিত হয়েছেন বিগত সরকারের আমলে। বিতর্কিত ভূমিকার কারণে সড়ক দুর্ঘটনা এবং সড়ক খাতে কোন কিছু হলেই আলোচনায় আসে পরিবহন খাতের নেতা ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের নাম। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় হেসে কথা বললে তিনি দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন।

এদিকে মির্জা ফখরুলের এসব কথায় বিএনপির অভ্যন্তরে অসংখ্য নেতা সমালোচনা করলেও, সাধুবাদ জানিয়ে আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, বিএনপির মধ্যে একমাত্র ক্লিন ইমেজের মানুষ হচ্ছেন মির্জা ফখরুল। তিনি সব সময় সত্যের পথে ছিলেন। মির্জা ফখরুল ইসলাম গঠনমূলক সমালোচনা করে সরকারকে সহায়তা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version