- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে একটি সেতু নিচ থেকে শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ। সে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া নয়াপাড়া গ্রামের মৃত সমেশ আলীর ছেলে।
মঙ্গলবার (১৯ জুলাই) সকাল পৌনে ৯ টায় নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া নয়াপাড়া এলাকার সেতুর নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম দুপুরে এ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরুদ্ধকরে তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

