Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নামাজে সিজদারত মাকে কুপিয়ে মারল ছেলে

কুড়িগ্রামের রাজারহাটে নামাজে সিজদারত মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের পান্তাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম মিনি আক্তার (৫০)। ঘটনার পর মানসিক ভারসাম্যহীন ছেলে মন্তাজুলকে (২৬) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোলায়মান আলী ও মিনি আক্তার দম্পতির সন্তান মন্তাজুল কয়েক বছর আগে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরও সুস্থ না হওয়ায় বাড়িতে বেঁধে রেখে তাকে কবিরাজি চিকিৎসা করানো হচ্ছিল। এ অবস্থায় মন্তাজুল হাত-পায়ের বাঁধন খোলা পেয়ে নামাজে সিজদারত অবস্থায় মায়ের গলায় কুড়াল দিয়ে কোপ দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার জানান, ঘাতককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্বামী সোলায়মান আলী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

শনিবার (২১ মার্চ) নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version