Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

না ফেরার দেশে চলে গেলেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৪৫) বছর।

তিনি পৌর সদরের পোষ্টকামুরী গ্রামের মৃতঃ খোয়াজ উদ্দিনের ছেলে। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-০৭ আসনের সাংসদ মো. একাব্বর হোসেনের আপন চাচাত ভাই।

পরিবার সুত্র জানায়, গত ৮ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফিরে আসার ১ দিন পরই আবার অসুস্থ্য হলে স্থানীয় ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করেন। প্রথমে রাজধানীর বারডেম হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে পিজি হাসপাতপালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরেই তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার পরিবারে স্ত্রী, দুই ছেলে, ভাই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রাজনৈতিক জীবনে তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি, প্রেসক্লাব মির্জাপুর’র সাবেক সভাপতি এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

তার মৃত্যুতে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের একাব্বর হোসেন এম.পি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, সহকারি কমিশনার ভূমি মো. মঈনুল হক, থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো. মাজহারুল ইসলাম শিপলুসহ পৌর সভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ শোক প্রকাশ জানিয়েছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আগামীকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বাদ জোহর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version