Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নির্মাণের ৫ বছরেও চালু হয়নি করটিয়া স্টেশন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া এলাকায় পাঁচ বছর আগে ট্রেনে যাতায়াত সুবিধার কথা চিন্তা করে সরকার স্টেশন নির্মাণ করলেও আজও তা চালু হয়নি। এতে বাসাইল ও সখীপুর উপজেলার কয়েক লাখ মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেনের সুবিধা থেকে বঞ্চিত।

অন্যদিকে নির্মাণাধীন স্টেশনটির অবকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, রেলওয়ে বিভাগের জনবল সঙ্কট থাকায় স্টেশনটি চালু করা যায়নি।

টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর উপজেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বাসাইলে একটি রেল স্টেশন নির্মাণের। এ দাবি মেনে নিয়ে ২০১৫ সালে স্টেশনটি নির্মাণ করা হয়। স্টেশনটি বাসাইল উপজেলার সোনালিয়া এলাকায় হলেও নামকরণ করা হয় টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া নামে। ফলে আমলাতান্ত্রিক জটিলতার সৃষ্টি হয়।

ইতোমধ্যে স্টেশনটি নির্মাণের ৫ বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি। ফলে টাঙ্গাইলের বাসাইল, সখীপুর ও টাঙ্গাইল সদর উপজেলার লাখ লাখ মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে স্টেশনটি চালুর দাবি এলাকাবাসীর।

এলাকাবাসী বলেন, এতো টাকার স্টেশনটি পরিত্যাক্ত হয়ে যাচ্ছে। সব নষ্ট হয়ে যাচ্ছে। সরকারের কাছে আবেদন এটি চালু করে দেয়া হোক।

এদিকে নাম জটিলতার কারণে স্টেশনটি চালু হয়নি বলে দাবি বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের।

তিনি বলেন, সংসদ সদস্যের সঙ্গে কথা হয়েছে। আমরা রেলমন্ত্রীর সঙ্গে দেখা করব। এটির নামকরণ নিয়েও জটিলতা রয়েছে।

রেল স্টেশনটি চালু হলে বাসাইল, সখীপুর ও টাঙ্গাইল সদর ৩টি উপজেলার প্রায় ১০ লাখ মানুষ ট্রেন যাতায়াতের সুবিধা পাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version