সিরাজগঞ্জে যমুনার দুর্গম চরে পুলিশের অভিযানকালে জুয়েল আহম্মেদ (৩০) নামের ১১ মামলার এক আসামি গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছে। বুধবার বিকেলে সদর উপজেলার গোটিয়ার চরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসান ফোর্স নিয়ে এই অভিযানে যান। এক পর্যায়ে মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের মূল হোতা জুয়েলকে আত্মসমর্পন করতে বলে পুলিশ। এ সময় সে গায়ে পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার ও সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনাস্থলে যান।
অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের মূল হোতা জুয়েলের নামে সিরাজগঞ্জ, বগুড়া, মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলায় ১১টি চুরির মামলায় ৯টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। বুধবার তার সদরের মেছরা ইউনিয়নের গোটিয়ারচরে নিজ বাড়িতে আসার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজ ঘরে ঢুকে দরজা আটকে দেয় জুয়েল। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাকে আত্মসমর্পন করতে বারবার অনুরোধ জানায় পুলিশ। এক পর্যায়ে সে নিজ শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করে। তার লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
মেছরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ মোবাইলে ফোনে সমকালকে বলেন,’জুয়েলের বাবা আলম ডাকাতও চরে নানা অপরাধের সঙ্গে জড়িত। বুধবার বিকেলে আমরাও ঘটনাস্থলে গিয়ে জুয়েলকে আত্মসমর্পনের জন্য বারবার অনুরোধ জানাই। কিন্তু সে আত্মহননের পথ বেছে নেয়। ঘটনাটি দেখে আমরাও হতবাক হয়েছি।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
