Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

পেঁয়াজে আ.লীগের কিছু লোক কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিলো …..কাদের সিদ্দিকী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ‘এদেশে সরকার ছাড়া কেউ কিছু করে না। সুনীতি, দুর্নীতি সব সরকারের মাধ্যমেই হয়। আজকে পেঁয়াজের অসহনীয় অবস্থা। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে গেছেন।

যাওয়ার আগে বলে গেছেন, তার বাড়িতে পেঁয়াজ ছাড়া রান্না হয়েছে। এটা কি কোনও প্রধানমন্ত্রীর কথা হলো ?’ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম আজ রবিবার (১৭ নভেম্বর) সকালে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আজ দেশে পেঁয়াজ দুইশ পঞ্চাশ টাকা কেজি, এটা ভাবা যায়? এই পেঁয়াজি করে আওয়ামী লীগের ছায়াতলে থেকে কিছু লোক কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিলো। এটাকে কোনও দেশে সুশাসন বলে না। এটাকে দুঃশাসন বলে।’

তিনি অভিযোগ করেন, ‘মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকীতে তার মাজার প্রাঙ্গণে তেমন কোনও সম্মান প্রদর্শন করা হয়নি। অথচ তাকে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে।’

এসময় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version