Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রতি ইউনিয়নে একজন, উপজেলায় চার ভেটেরিনারি সার্জন নিয়োগ দেবে সরকার

নিজস্ব প্রতিনিধি:  দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে এবং প্রতিটি উপজেলায় চারজন করে পশুচিকিৎসক (ভেটেরিনারি সার্জন) নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের এক নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদে কামরুল হাসান উপজেলা পশু হাসপাতালকে জরুরি সেবা হিসেবে ঘোষণা, উপজেলা পর্যায়ে ন্যূনতম চারটি ভেটেরিনারি সার্জন পদ সৃষ্টি এবং ইউনিয়ন পর্যায়ে একজন করে ভেটেরিনারিয়ান নিয়োগের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, এসব বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পশুর রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কার্যক্রম চলমান রয়েছে। জরুরি সেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ মোবাইল ক্লিনিক সার্ভিস দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জনবল নিয়োগের বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ নিয়োগ সম্পন্ন করা সম্ভব হবে।

সম্পূরক প্রশ্নে কামরুল হাসান বলেন, অর্গানোগ্রামসহ নানা জটিলতার কারণে অনেক সময় নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা দেয়। তিনি গ্রাম বাংলার প্রতিটি ইউনিয়নে একটি করে ভেটেরিনারি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে কি না, জানতে চান।

জবাবে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গত কোরবানির ঈদে প্রান্তিক খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। পশুর চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাটগুলোতে ভেটেরিনারি সার্জনদের দিয়ে সার্বক্ষণিক মনিটরিং ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে একজন করে পশুচিকিৎসক এবং উপজেলা পর্যায়ে চারজন করে নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

Exit mobile version