Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রেমের টানে মেক্সিকান তরুণী বাংলাদেশে

News Tangail

ফেসবুকে পরিচয় থেকে প্রেম। অতঃপর বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে প্রেমিককে বিয়ে করলেন মেক্সিকান এক তরুণী। মেয়েটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের আলহাজ মো. নজরুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, মেক্সিকান তরুণীকে একনজর দেখার জন্য উপচেপড়া ভিড়।

গ্লাডিস নাইলি টরিবিও মরালেস নামের তরুণীর বর্তমান নাম মোছা. লাইলী আক্তার। ইসলাম ধর্ম গ্রহণ করে রবিউল হাসান রুমানকে তিনি বিয়ে করে আনন্দে সময় কাটাচ্ছেন। রবিউল হাসান পোগলদিঘা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ময়মনসিংহের রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজি থেকে মেকানিক্যালে ডিপ্লোমা সম্পন্ন করে ফ্রিল্যান্সিংয়ে জড়িত।

রবিউল হাসান রুমান জানান, তিনি ভালোভাবে ইংরেজিতে কথপোকথনের জন্য একজন দক্ষ বন্ধু খুঁজছিলেন। এক পর্যায়ে ২০১৯ সালে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেসের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ও প্রেম হয়। টানা দুই বছর প্রেম করার পর গত রবিবার সকাল ৮টা ১০ মিনিটে বাংলাদেশে আসেন ওই তরুণী।

রবিউল ও পরিবারের লোকজন হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বিমান থেকে নামার পর কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ঢাকা জজ কোর্টে গিয়ে অ্যাফিডেভিটের মাধ্যমে নিজের খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এবং রবিউলকে বিয়ে করেন। এরপর সরিষাবাড়ীতে পৌঁছান মধ্যরাতে।

তরুণীর সঙ্গে কথা বলে জানা গেছে, মেক্সিকোর পোএবলা শহরের ব্যবসায়ী গ্রেগ্রোরিও টরিবিওর মেয়ে তিনি। পোএবলা বিশ্ববিদ্যালয় (বিইউএপি, পোএবলা, মেক্সিকো) থেকে তিনি ২০১৬ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। রবিউলের সঙ্গে প্রেম হওয়ার পরপরই তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন, কিন্তু করোনাভাইরাসের জন্য বিলম্ব হয়।

তার ভাষায়, বাংলাদেশে আসতে কোনো ভয় বা সমস্যা হয়নি, শুধু করোনার কিছুটা উৎকণ্ঠা থাকলেও ভালোবাসার মানুষের কাছে আসার আনন্দে তা প্রভাব ফেলেনি। বাংলাদেশটা দেখতে অনেক সুন্দর এবং এলাকার লোকজন অনেক মিশুক ও ভালো বলেও তিনি মন্তব্য করেন।

কিছুদিন শ্বশুরবাড়িতে অবস্থান করে মেয়েটি মেক্সিকোতে ফিরে যাবেন এবং পরবর্তী সময়ে দুদেশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রবিউলকে মেক্সিকোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে বলেও জানা গেছে।

পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন সামস জানান, সবকিছুর ঊর্ধ্বে প্রেম। প্রেমের টানে মেক্সিকান তরুণী বাংলাদেশে এসেছেন, এতে প্রেমিকযুগলের প্রেমের সার্থকতা হয়েছে। এলাকার লোকজন মেয়েটিকে দেখতে রবিউলের বাড়িতে ভিড় করছে। মেক্সিকান তরুণীকে পুত্রবধূ হিসেবে পাওয়ায় পরিবারও খুশি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version