Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে মাটি খুঁড়ে প্রবাসীর লাশ উদ্ধারের ঘটনায় ৩জনের স্বীকারোক্তি

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে মাটি খুঁড়ে কেশব চন্দ্র সরকার (৪৫) নামে এক প্রবাসীর লাশ উদ্ধারের ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। টাঙ্গাইলের ডিবি পুলিশের ওসি (দক্ষিণ) শ্যামল কুমার দত্ত এ তথ্যটি নিশ্চিত করেছেন।

সোমবার (২৪ ডিসেম্বর) অভিযান চালিয়ে উপজেলার সৈদামপুর গ্রামের মৃত খোরশেদ চৌধুরীর ছেলে জহিরুল চৌধুরী (২৭), একই এলাকার ছানোয়ার হোসেনের ছেলে মঞ্জুরুল আলম (৩৩) ও আজিজ চৌধুরীর ছেলে আব্দুল চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মামলা ও ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর উপজেলার সৈদামপুর গ্রামের ভুবচান সরকারের ছেলে কেশব চন্দ্র সরকার (৪৫) স্থানীয় বাজার থেকে নিখোঁজ হয়। ঘটনার এক সপ্তাহ পর মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরেরদিন ১৪ ডিসেম্বর এ ঘটনায় নিহতের স্ত্রী রিতা রাণী বাদি হয়ে বাসাইল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে বাসাইল থানা পুলিশ মামলাটি টাঙ্গাইলের ডিবিতে হস্তান্তর করে।

ওসি শ্যামল কুমার দত্ত বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একজনকে ঢাকার বাড্ডা থেকে ও দুইজনকে বাসাইল উপজেলার সৈদামপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতে উঠালে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version