- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২ জন। শনিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ব্রাহ্মণকুশিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। রাকিবুল এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
অপরদিকে আহতরা হলেন- একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. ইয়াছিন (১৭) ও কোরবান আলীর ছেলে সাইদুল ইসলাম মিন্টু (১৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টাঙ্গাইল থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা বাসাইল কলেজপাড়া আসলে বিপরীতমুখী ওই মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী তিনজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় রাকিবুল মারা যায়।
এ ব্যাপারে বাসাইল থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

