Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বিএনপি-জামায়াতের কাজই বিদেশীদের কাছে নালিশ করা……. তারানা হালিম

News Tangail
নিজস্ব প্রতিনিধি: দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে কিন্তু বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের কাজই হলো বিদেশীদের কাছে নালিশ করা।
সোমবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের নাগরপুরে গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তথ্য প্রতিমন্ত্রী অ্যাভোকেট তারানা হালিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি গরীব দুখী মানুষের কষ্ট বোঝেন। বাংলাদেশে আর যেন কোন গরীব মানুষ না থাকে সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কারণ বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই তাঁর জীবনের লক্ষ্য। তাই ঈদে যেন প্রতিটি পরিবারের মুখে হাসি থাকে সেই লক্ষ্যে তার এই ক্ষুদ্র প্রয়াস।
তিনি আরও বলেন, দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পূনরায় ক্ষমতায় আনতে হবে।
এসময় তিনি বিএনপি-জামায়াত জোটের কর্মকান্ডের দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহবান জানান।
উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, ওসি মাইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান ফরিদ প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version