ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি সবসময়ই বাঁকা পথে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। অন্যদিকে, আওয়ামী লীগ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কখনও বাঁকা পথে জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় আসেনি।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনোই পর্দার অন্তরালে লালকুঠি-নীলকুঠির ষড়যন্ত্র করে, ঐ দক্ষিণবাড়ি-উত্তরবাড়ির ষড়যন্ত্র করে কোনদিন ক্ষমতা দখলের চেষ্টা করেনি। আগামী দিনে বাংলাদেশে ষড়যন্ত্র করে কাউকে নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।
শনিবার (৫ মার্চ) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি সম্মেলনে যোগদান করেন।
কৃষিমন্ত্রী বলন, বিএনপি ২০১৪ সালের মতো দেশে আবার অরাজকতা করার চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চাচ্ছে। তারা মনে করছে- অস্থিতিশীলতা সৃষ্টি করে, বোমাবাজি করে, রেল লাইন উপরে ফেলে, গাড়িতে আগুন দিয়ে দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে ব্যাহত করে আবারও ক্ষমতায় আসবে। আমি মনে করি, এ দেশের জনগণ কোনও ভাবেই তাদের এ অপচেষ্টা মেনে নেবে না।
কৃষি মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনে হাওয়া দিতে পারছে না, তাদের পায়ের নিচে মাটি নেই। ২০১৫ সাল থেকে তারা একদিনও হরতাল দিতে পারে নি। বাংলাদেশে আর কোন দিন হরতাল হবে না। আন্দোলনের নামে গাড়িতে আগুন দিলে তাদেরকে চরম মূল্য দিতে হবে। ন্যায়ের পথে, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে তাদেরকে আন্দোলন করতে হবে। শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করলে বর্তমান নির্বাচিত সরকার জনগণের জান-মাল রক্ষায় কঠোর ভূমিকা পালন করবে।
কৃষিবিজ্ঞানী ডক্টর রাজ্জাক আরও বলেন, বিএনপিকে ক্ষমতায় আসতে হলে নির্বাচনে আসতে হবে। জনগণের সমর্থনে- জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। জনগণ তাদেরকে নির্বাচিত করলে আমরা ক্ষমতা ছেড়ে দিয়ে তাদেরকে স্বাগত জানাব।
বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, জনগণ- সুশীল সমাজ ও আন্তর্জাতিক বিশ্বের চাপ এবং বিএনপি যখন বুঝতে পারবে তাদের পায়ের নিচে মাটি নেই- তখন তারা অবশ্যই নির্বাচনে আসবে।
দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে, সরু চালের দাম এখনও কিছুটা বেশি। আর ভোজ্য তেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে। ভোজ্য তেল আমাদের আমদানি করে চাহিদা মেটাতে হয়। এ অবস্থায় তেলের দাম কিছুটা না বাড়ালে কেউ আমদানি করবে বলে মনে হয় না।
তবে সরকার কঠোরভাবে বাজার মনিটর করছে। পর্যাপ্ত পরিমাণ ভোজ্য তেল আনার চেষ্টা করছে। কিন্তু তারপরও আমাদের মনে রাখতে হবে গত দুই বছরের করোনাকালে উন্নত বিশ্বের কৃষকরা আবাদ করেনি, মাঠে নামেনি, শ্রমিকরা খনিতে নামেনি। তারমধ্যে আবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব রয়েছে। এসবের প্রভাব বাংলাদেশেও পড়ছে।
উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন- অনুষ্ঠানের সভাপতি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, ছানোয়ার হোসেন এমপি,আহসানুল হক টিটু প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
