Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বুয়েটে চান্স পাওয়া আল আমিনের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার

নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ চান্স পাওয়া মেধাবী ছাত্র মো. আল আমিনের পাশে অর্থ সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার।

বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যায় ভর্তি হওয়ার জন্য আল আমিনের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ। আল আমিন সখীপুর উপ‌জেলার কচুয়া গ্রা‌মের ভ্যান চালক আজিজুল মিয়ার ছেলে। আল আমিন কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৭২ পেয়ে উত্তীর্ণ হন। পরে সরকারি মুজিব কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়ে এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তি পরীক্ষায় ১০২০তম স্থান অর্জন করে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন কৃতী এ শিক্ষার্থী।

আল আমিন বলেন, ‘আমার বাবা-দাদা ভ্যান চালিয়ে আমার পড়াশোনার খরচ চালাতেন। এমন একটি পরিবার থেকে পড়াশোনা করা অনেক কষ্টসাধ্য ছিল। আমার বয়স যখন চার বছর, তখনই আমার মা মারা যান। আমার বাবা, দাদা-দাদি আমাকে পড়াশোনায় সব সময় উৎসাহ দিতেন। দরিদ্র থাকার পরও পিছপা হননি তারা।’

একজন দক্ষ প্রকৌশলী হয়ে পরিবারের হাল ধরার পাশাপাশি দেশের সেবা করতে চান আল আমিন। আল আমিনের বাবা আজিজুল মিয়া বলেন, ‘টাকার অভাবে ছেলেকে ভালো কোচিং সেন্টারে ভর্তি করতে পারিনি। আল আমিন নিজে নিজে পড়াশোনা করেই বুয়েটে চান্স পেয়েছে। ঢাকায় সন্তান রেখে পড়াশোনা করাতে গেলে অনেক টাকার দরকার। টাকা কই পাব?’ জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, পত্রিকা ও ইউএনওর মাধ্যমে বিষয়টি জানার পর তাকে সহযোগিতা করা হয়েছে। তার যে কোনো প্রয়োজনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version