Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে নতুন মোটরসাইকেল কেড়ে নিল ৩ বন্ধুর প্রাণ

News Tangail

নিজস্ব প্রতিবেদক, নিউজ টাঙ্গাইল ডেস্ক: বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে টাঙ্গাইলের ভূঞাপুরে একসঙ্গে ৩ বন্ধু প্রাণ হারিয়েছেন। তারা উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের মো. বাছেদের ছেলে মকবুল (১৮), মাটিকাটা গ্রামের মৃত রশিদের ছেলে আসাদুল (১৮) ও একই গ্রামের মো. ইলিয়াসের ছেলে রাকিব (১৭)। শুক্রবার বেলা আড়াই টায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী উচ্চ বিদ্যালয়ের চারমোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। ওই ৩ বন্ধু পরিবহন শ্রমিকের কাজ করতো।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার নতুন একটি মোটরসাইকেল কিনেন মকবুল। শুক্রবার সকাল থেকে তারা মোটরসাইকেল যোগে বিভিন্ন এলাকায় ঘুরছিল। পরে ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে রুহুলী এলাকায় ওই স্কুলের পাশে পৌঁছলে পথিমধ্যে চারমোড় ঘুরাতে গিয়ে একটি দেয়ার সঙ্গে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায় তারা। এরপর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব সত্যতা নিশ্চিত করে জানান- শুক্রবার দুপুরে উপজেলার রুহুলী উচ্চ বিদ্যালয়ের পাশের চারমোড় স্থানে ৩ কিশোর বন্ধু দুর্ঘটনার কবলে পড়েন। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version