নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের দিঘিকাতুলী গ্রামে বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সালিশী বৈঠকে আজগর আলী বয়াতি (৭৬) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম কাউছার চৌধুরী জানান, বুধবার সকালে আজগর আলীর বাড়ির উপর পাশের বাড়ির আবু বক্করের বাড়ির গাছ হেলে পড়ে থাকে। এ কারণে আজগর আলী সেই হেলে থাকা গাছ কেটে দিতে বলেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে এ ঘটনায় দুপুরে সালিশী বৈঠকের আয়োজন করা হয়।
সালিশী বৈঠকে এলাকার কয়েকজন মাতব্বরের উপস্থিতিতে বৈঠকের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে আবু বক্কর ও তার লোকজন লাঠি দিয়ে আজগর আলীকে পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

