Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় আ’লীগ নেতা

News Tangail

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতায় মামলায় ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুরের রাকিবুজ্জামান খান বাবু নামে এক আওয়ামী লীগ নেতা। তিনি উপজেলার অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

হাতকড়া পরা অবস্থায় জানাজায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

রাকিবুজ্জামান বাবুর বাবার নাম আবুল হোসেন খান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিল এবং তার মা ফৌরদোসী খানম উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

বাবুর ছোট ভাই রাফিউজ্জামান খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টাঙ্গাইলের মধুপুর থানার একটি নাশকতায় মামলায় ভূঞাপুর থানা পুলিশ গত ১৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে ভাইকে আমাদের নিজ গ্রাম বরকতপুর মোড় থেকে আটক করে মধুপুর থানায় প্রেরণ করে।

এরপর মধুপুর থানা পুলিশ তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরের দিন ১৪ ডিসেম্বর টাঙ্গাইল আদালতে পাঠালে ওইদিন আদালত না বসায় পুলিশ তাকে জেল হেফাজতে রাখে। ১৫ ডিসেম্বর আদালতে তোলা হলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

এই খবরে আমার বাবা অ্যাডভোকেটের সাথে কথা বলে জামিন নামঞ্জুরের সংবাদ শুনে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। পরের দিন ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পড়া অবস্থায় বাবার জানাজায় অংশ নেন।

এ ঘটনায় হাতকড়া অবস্থায় ওই আওয়ামী লীগ নেতা বাবুর জানাজা অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এনিয়ে এলাকাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার মামলায় ভূঞাপুরের অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রাকিবুজ্জামানকে গ্রেপ্তারের পর গত ১৪ ডিসেম্বর তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়। তার বাবার মৃত্যুর বিষয়টি জানা নেই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version