Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবকে হারিয়ে ঘাটাইল-কালিহাতী প্রেসক্লাবের বিশাল জয়

ছবি: সংগৃহীত।

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ‘উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম’ এর উদ্যোগে উত্তর টাঙ্গাইল মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবকে ৮৪ রানে হারিয়ে ঘাটাইল-কালিহাতী প্রেসক্লাব জয়লাভ করেছে।

সোমবার (২৩ মে) বেলা ১২ টায় কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার আয়োজন করা হয়।

খেলা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব বনাম ঘাটাইল-কালিহাতী প্রেসক্লাব ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রথমে টসে জিতে মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

এরআগে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি ও অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, এলেঙ্গা পৌরসভা মেয়র নূর এ আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশনের এমডি মো. লোকমান হোসেন, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম প্রমুখ।

প্রসঙ্গত, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে খেলায় মোট ৬টি প্রেসক্লাব যৌথভাবে তিনটি দলে বিভক্ত হয়ে অংশ নেন। প্রেসক্লাবের দলগুলো হলো- ভূঞাপুর-গোপালপুর প্রেসক্লাব, মধুুপুর-ধনবাড়ী প্রেসক্লাব ও ঘাটাইল-কালিহাতী প্রেসক্লাব।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version