Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মান্নান ছিলেন কৃষি পরিবারের পরম বন্ধু—-কৃষিমন্ত্রী

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বরেণ্য কৃষিবিদ আব্দুল মান্নান এমপি’র মৃত্যুতে কৃষিক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে, যা সহজে পূরণ হবার নয়। তিনি ছিলেন বাংলাদেশের কৃষি পরিবারের এক পরম বন্ধু। তার মৃত্যুতে দেশ হারাল একজন বরেণ্য রাজনৈতিক নেতাকে। বাংলাদেশ আওয়ামী লীগ হারাল একজন শক্তিশালী সংগঠককে। কৃষক হারাল তাদের আত্মার আত্মীয়কে। তিনি এদেশের কৃষি, কৃষক ও কৃষিবিদদের পক্ষের একজন নিবেদিত প্রাণ মানুষ হিসেবে সর্বত্র সমাদৃত ছিলেন।

বুধবার কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়ামে কৃষিবিদ মরহুম আব্দুল মান্নান স্মরনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃচির আন্দোলনে ও তার বলিষ্ঠ ভূমিকা ছিল। কৃষক ও কৃষিবিদদের বিভিন্ন দাবি-দাওয়া এবং ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে তিনি সক্রীয় ভূমিকা পালন করেন। বহুতল কেআইবি কমপ্লেক্সের জমি ও নির্মাণ কাজে তার অনন্য অবদান ছিল। ছাত্রজীবন থেকে ছাত্রলীগের নেতা হিসেবে আইয়ুব বিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে এবং ৭৫ পরবর্তী সময়ে স্বৈরশাসক জিয়ার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন আবদুল মান্নান। জিয়া-এরশাদকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয়নি এ লড়াকু ছাত্রনেতা। যতদিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থাকবে, ছাত্র রাজনীতি থাকবে, কৃষক ও কৃষি থাকবে, ততদিন উচ্চারিত হবে আবদুল মান্নানের নাম। আবদুল মান্নান বেঁচে থাকবেন কৃষক ও কৃষিবিদদের অন্তরে আজীবন।

কৃষিমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুল মান্নান সংসদ সদস্য হিসেবে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। বিগত ৮০-এর দশকের তুখোড় এ ছাত্রনেতা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু)-এর ভিপি ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন এর মহাসচিব এর দায়িত্বও পালন করেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড.শেখ মোহাম্মদ বখতিয়ার; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো: হামিদুর রহমান;এপিএ পুলের সদস্য ড. সাত্তার মন্ডল; আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বাদশা ও ড. আওলাদ হোসেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মো: জাকির হোসেন মরহুম আব্দুল মান্নান এর জীবনী আলোকপাত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version