Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মাভাবিপ্রবির নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন

নিউজ ডেস্ক: মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনের পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। তিনি ১২ জানুয়ারি ২০২২ তারিখ বুধবার উক্ত পদে যোগদান করেছেন। এর আগে তিনি ২৪ ফেব্রুয়ারি ২০০৯ সন হতে ২৩ ফেব্রুয়ারি ২০১৩ সন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর ছিলেন।

অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাখরের কান্দি গ্রামের এক সম্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৮ সনে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলানা হুকুম আলী মাদবর। তিনি কৃতিত্বের সাথে ১৯৭৩ সনে এসএসসি ও ১৯৭৫ সনে এইচএসসি পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে ১৯৮০ সনে বি.এস.সি (অনার্স) ও ১৯৮২ সনে এম.এস.সি ডিগ্রী সম্পন্ন করেন। এরপর১৯৯৫ সনে জাপানের টোকিও এর ‘দি ইনিস্টিটিউট অব স্ট্যাটেসটিক্যাল ম্যাথমেটিকস’ থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন ১১ এপ্রিল ১৯৮৩ সন হতে ১৩ ডিসেম্বর ১৯৮৩ সন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনিস্টিটিউটের প্রভাষক ও ২৪ ফেব্রুয়ারি ১৯৮৪ সন হতে ১৮ আগস্ট ১৯৮৮ সন পর্যন্ত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। এরপর তিনি ১৮ আগস্ট ১৯৮৮ সনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে সহকারি অধ্যাপক পদে যোগদান করে ১২ আগস্ট ১৯৯৫ সনে সহযোগী অধ্যাপক ও ১৮ আগস্ট ১৯৯৯ সনে অধ্যাপক হন।

তিনি যুক্তরাষ্ট্রের বলস্টেট ইউনিভার্সিটির গাণিতিক বিজ্ঞান বিভাগে ২০০১ এর আগস্ট থেকে ২০০২ এর মে পর্যন্ত ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সৌদি আরবের কিং খালিদ ইউনিভার্সিটির গণিত বিভাগে ২০০৪ এর সেপ্টেম্বর থেকে ২০০৭ এর জুন পর্যন্ত ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে কর্মরত ছিলেন এবং২০০৮ সন থেকে ২০১০ সন পর্যন্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের খন্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও দেশী-বিদেশী বিভিন্ন জার্নাল ও পত্র পত্রিকায় তাঁর উল্লেখযোগ্য সংখ্যক গবেষণামূলক লেখা প্রকাশিত হয়েছে।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য ভারত, ইতালি, সৌদি আরব ও যুক্তরাষ্টসহ বিভিন্ন দেশ ভ্রমন করেন।

উল্লেখ্য, ২০২১ সনের ২৮ জুলাই ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. আলাউদ্দিন দায়িত্ব শেষ করার পর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ভাইস-চ্যান্সেলরের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের ৭ম ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version