Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মাভাবিপ্রবির ভর্তিচ্ছুদের সহায়তায় ছাত্রলীগ কর্মীর অনন্য দৃষ্টান্ত

News Tangail

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) বিবিএ ও বিফার্ম কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহায়তায় নতুন দিনের ছাত্রলীগের প্রশংসনীয় কর্মকাণ্ডে আলোচনায় এসেছেন মাভাবিপ্রবির এক ছাত্রলীগ কর্মী। তার নাম নুর উদ্দিন হিম। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বাসিন্দা ছাত্রলীগ কর্মী হিম নিজ রুমে ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থা করে নিজে শীতের রাতে হলের বারান্দায় মশারি টানিয়ে ব্যাঞ্চের উপর ঘুমিয়ে রাতযাপন করেছেন। এমনই এক ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের এক শিক্ষার্থী হিমের ছবি শেয়ার করে লিখেছেন, ‘নিজ রুমে ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থা করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী নুর উদ্দিন হিমের (রুম নং-৩১৯, বঙ্গবন্ধু হল, ব্যবসায় প্রশাসন বিভাগ) শীতের রাতে বারান্দায় ব্যাঞ্চের উপর ঘুমিয়ে রাত্রিযাপন। এটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ছাত্রলীগ।’

জানা যায়, ছাত্রলীগ কর্মী হিম পনেরো জন শিক্ষার্থীকে তার রুমে থাকার ব্যবস্থা করে দেয় এবং তাদের সকাল ও দুপুরের খাবার ব্যবস্থা করে দেয়।

উল্লেখ্য, এ বছর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৮১৫ টি আসনের জন্য মোট ৪৮ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। আসন প্রতি লড়েছে প্রায় ৬০ জন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version