Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মাহমুদউল্লাহর ঝড়ে বিশাল টার্গেট দিল টাইগাররা

News Tangail

মাত্র ২৭ বলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে বিশ্বকাপ বাছাইপর্বের নিজেদের বাঁচা মরার ম্যাচে পাপুয়া নিউ গিনিকে বড় টার্গেট ছুড়ে দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপের দ্রুততম হাফেসেঞ্চুরির রেকর্ড গড়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার ব্যাটে ভর করে ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়িয়েছে ১৮১ রানে। জয়ের জন্য পাপুয়া নিউ গিনিকে করতে হবে ১৮২ রান।

এদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে নাইম শেখের উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে টাইগাররা। নাইম আউট হওয়ার পর জুটি বাধেন সাকিব এবং লিটন। তাদের ব্যাটেই উঠে সবগুলো রান। কিন্তু সাকিব আর লিটন মিলে ৫০ রানের জুটি গড়ে ওঠার পরই নেমে এলো বিপদ। পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা নিজেই চলে আসেন বোলিংয়ে। তিনি ডান হাতি অফ স্পিনার। স্পিন আসতেই বিপদ ডেকে আনলেন লিটন দাস।

আসাদ ভালার ওভারের প্রথম বল মোকাবেলা করতে গিয়ে স্লগ সুইপ খেলেন লিটন। বল উঠে যায় ডিপ মিডউইকেটে। ফিল্ডার ছিলেন সেই সেসে বাউ, যিনি নাইমের ক্যাচও ধরেছিলেন। ২৩ বলে ২৯ রান করে আউট হয়ে যান লিটন। বাউন্ডারি এবং ছক্কা মেরেছিলেন ১টি করে।

এরপর মুশফিক ফিরেন মাত্র ৫ রান করেই। ব্যাটে হাতে আজও ভালো করেছেন সাকিব আল হাসান। ৪৬ রানের এক ঝলমলে ইনিংস খেলেছেন তিনি। সাকিব ফিরে গেলে অপর প্রান্ত থেকে ঝড় তুলেন মাহমুদউল্লাহ। মাত্র ২৭ বলেই তুলে নেন ফিফটি। এরপর রিয়াদ ফিরে গেলে সাইফউদ্দিনের মাত্র ৬ বলে ১৯ রানের ঝড়গতির ইনিংসে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করায় টাইগাররা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version