মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার ১৭ ঘন্টা পর ঐ রাতেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আরও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপরদিকে পৌর সদরের একটি রেস্তোরায় চুরির ঘটনাও ঘটেছে। চুরি ও ছিনতাইয়ের এমন ঘটনায় এলাকার জনসাধারণ বেশ আতঙ্কে রয়েছে। প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও!
মহাসড়কে ছিনতাইয়ের শিকার ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বারহা গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন (৪৭), তার ভাতিজা মাসুদ মিয়া (৩০), পিকআপ চালক জাকির খান (৩২)।
জানা গেছে, সোমবার রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নতুন বাইপাস এলাকায় কাঁচামাল ব্যবসায়ীদের গাড়িতে স্বজোড়ে ঢিল ছোড়ে ছিনতাইকারীরা। গাড়িতে বিকট শব্দ হওয়ায় চালক গাড়ি থামিয়ে চাকা ব্রাস্ট হয়েছে এম,নটি ভেবে দেখতে নামার সাথে সাথেই হঠাৎ করেই চারদিক থেকে কয়েকজন ছিনতাইকারী ঐ গাড়িতে থাকা ব্যবসায়ীদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়, কুপিয়ে ২ কাঁচামাল ব্যবসায়ীর কাছ থেকে ৬০ হাজার টাকা, মোবাইল ফোন ও চালকের মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে সোমবার সকালে মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অপরদিকে একই রাতে উপজেলার পৌর সদরের কুমুদিনী হাসপাতাল রোডের জে.এস নামক একটি রেস্তোরা থেকে প্রায় লক্ষাধিক টাকা চুরি হয়েছে।
রেস্তোরার মালিক জাহাঙ্গীর হোসেনের ছোট ভাই শেখ জসিম উদ্দিন জানান, রেস্তোরার পিছনের অংশে গরম হাওয়া বের হওয়ার জন্য একটি ফ্যান লাগানো ছিল। সেই ফ্যান খুলে কতিপয় চোর তার দোকানের ক্যাশে থাকা ১ লাখ ২০ হাজার টাকা, মালামাল এবং দোকানে থাকা সিসি ক্যামেরার মনিটর চুরি করে নিয়ে যায়। এ বিষয়েও থানায় মামলা দায়ের করা হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সায়েদুর রহমান জানান, চুরি ও ছিনতাইয়ের দুটি ঘটনায় পুলিশ সদস্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চোর ও ছিনতাইকারি ধরতে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। বর্তমানে মির্জাপুর পৌর সদর এলাকার বিভিন্ন স্থানে ৩৭টি সিসি ক্যামেরা রয়েছে। অতি দ্রুত আরও কিছু সংখ্যক ক্যামেরা স্থাপন করা হবে বলেও উল্লেখ করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

