নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূর গোসলের দৃশ্য মোবাইলে ভিডিও করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার কথা বলে মোটা অংকের টাকা দাবি করার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া ও কোটবহুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে বরকত (২৮), একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোলাইমান (২৯) এবং কোট বহুরিয়া গ্রামের বদর উদ্দিনের ছেলে আব্দুল আলীম (২৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন যুবক বেশ কিছুদিন আগে ওই গৃহবধূর নির্মাণাধীন বাড়িতে দিন মজুরের কাজ করত। একদিন ওই গৃহবধূ বাথরুমে গোসল করতে গেলে তিন যুবক গোপনে মোবাইল ফোনে গোসলের দৃশ্য ভিডিও করে এবং ছবি তুলে। পরে ওই গৃহবধূকে ফোন করে বিষয়টি জানিয়ে মোটা অংকের টাকা দাবি করে। এতে গৃহবধূ সারা না দিলে গোসলের কয়েকটি ছবি গৃহবধূর ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠায়।
এ ঘটনায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ওই গৃহবধূ মির্জাপুর থানায় অভিযোগ দিলে ওই রাতেই পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত তিনজনকে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

