প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা এলাকায় দিনে-দুপুরে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে চার থেকে পাঁচ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল আলতাফ হোসেনের বাড়িতে হানা দিয়ে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর প্রায় পৌনে দুইটার দিকে বাড়ির পুরুষ সদস্যরা বাইরে থাকার সুযোগে ডাকাত দলটি বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির ভেতরে অবস্থান নিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য আলতাফ হোসেনের পুত্রবধূ জানান, তিনি রান্নার কাজ করছিলেন। ফ্রিজ থেকে মাছ আনতে ঘরে ঢুকতেই দেখেন, চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি ঘরের সোফায় বসে আছে। তিনি দরজার দিকে এগোতেই ডাকাতরা তাকে লাঠি দিয়ে মাথা ও হাতে আঘাত করে। পরে তাকে একটি কক্ষে আটকে রেখে আলমিরা ও ওয়ারড্রবের তালা ভেঙে ১৬ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।
এ ঘটনায় আহত ওই গৃহবধূকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে মির্জাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

