নিউজ ডেস্ক:টাঙ্গাইলের মির্জাপুরে প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী পোষ্টার বানিয়ে নির্বাচনী প্রচারণা ও মোটরসাইকেল শোডাউন করার অভিযোগ উঠেছে গোড়াই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বর্তমান মেম্বার মোহাম্মদ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী এক মেম্বার প্রার্থী ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিসার বরাবর লিখিত অভিযোগপত্র দায়ের করেছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, আগামী ৫ই জানুয়ারি অনুষ্ঠেয় ৫ম ধাপের নির্বাচনে মির্জাপুর উপজেলার ৮ ইউপিতে ভোটগ্রহণ হবে। পুনঃঘোষিত তফসিল অনুযায়ী গত ৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন ছিলো। যাচাই-বাছাই আগামীকাল ১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর।
কিন্তু আগামী ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনক্ষণ দেয়া হলেও গোড়াই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ আলী প্রতীক বরাদ্দের আগেই ‘মোরগ’ প্রতীক দিয়ে নির্বাচনী ব্যানার বানিয়ে তা ফেসবুকে শেয়ার করে। যা সম্পূর্ণ নির্বাচন আচরণ বিধিমালার বহির্ভূত। বিষয়টি লক্ষ্য করে ওই ওয়ার্ডের অপর মেম্বার পদপ্রার্থী ইসরাফিল হোসেন নির্বাচন অফিসার বরাবর গত বৃহস্পতিবার মেম্বার মোহাম্মদ আলীর বিরুদ্ধে নির্বাচনী আইন লঙ্ঘন করছেন মর্মে অভিযোগ দায়ের করেন। জানা গেছে, ওই ওয়ার্ড থেকে মোট পাঁচ প্রার্থী মেম্বার পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ বিষয়ে মোহাম্মদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগে তিনি বলেন, প্রাথমিকভাবে আমি ব্যানার তৈরির দোকান থেকে ব্যানার তৈরি করেছি। তবে, তিনি প্রতীক বরাদ্দের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ভুলবশত হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোপত্রটি দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

