পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আগামী ২১ নভেম্বর (বুধবার) শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াজ মাহফিল ও আলোচনা সভা আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। যদিও ২০১৮ খ্রিস্টাব্দের ছুটির তালিকা অনুযায়ী ২১ নভেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকার কথা।
চিঠিতে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আগামী ২১ নভেম্বর সরকারি-বেসরকারি স্কুল ও কলেজে ওয়াজ মাহফিল ও আলোচনা সভা আযোজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে বলা হয়েছে।
এক্ষেত্রে হযরত মুহাম্মদ(সা:) এর জীবন ও কর্মের ওপর, বিশেষ করে ইসলামের শান্তি, প্রগতি. সৌহার্দ, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভার আয়োজন করতে হবে বলে দৈনিক শিক্ষাকে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচির আয়োজন করতে বলা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
