Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

যমুনায় অবৈধ বালু উত্তোলন, বঙ্গবন্ধু সেতুর গাইড বাঁধে ধস

ছবি: নিউজ টাঙ্গাইল।

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের যমুনা নদীতে পানি বৃদ্ধি ও অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের দক্ষিণে গাইড বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে প্রায় ২০০ মিটার গাইড বাঁধের ব্লক নদীগর্ভে দেবে যাচ্ছে। ফলে গাইড বাঁধের আশপাশে থাকা ঘর-বাড়িসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীনের আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে কোনও ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে স্থানীয় প্রশাসন ও টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে যমুনা নদীর তীরবর্তী কালিহাতীর বেলটিয়া অংশে গাইড বাঁধের পাশে বাল্কহেড ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু আনলোডের কারণে বাঁধ ধসে যাচ্ছে বলে দাবি করছেন স্থানীয়রা।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের দক্ষিণে কালিহাতী উপজেলার বেলটিয়া, আলীপুর উত্তরপাড়া গাইড বাঁধের কয়েকটি স্থানে ব্লকগুলো ধসে যাচ্ছে নদীগর্ভে। ধস রোধে জিও ব্যাগ ফেলছে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়রা জানান, গাইড বাঁধের কাছে স্থানীয় প্রভাবশালী কিছু নেতা বালু ব্যবসায়ী ড্রেজার বসিয়ে বালু আনলোড করার কারণে ব্লকের নিচ থেকে মাটি সরে যাওয়ায় হয়তো ব্লকগুলো নদীগর্ভে বিলীন হচ্ছে।

এ ব্যাপারে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম ব্লক ধসের বিষয়টি নিশ্চিত করে জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে ব্লকের নিচের অংশ থেকে বালু সরে যাওয়ায় ধস দেখা দিয়েছে। ধস রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version