বরিশালের গৌরনদী উপজেলার দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে তারই প্রেমিক। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ অভিযোগে মামলা করা হলে অভিযুক্ত প্রেমিক রবিউল বেপারীকে (২১) গ্রেফতার করে পুলিশ।
উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত প্রেমিক রবিউলকে আসামি করে শনিবার দুপুর ১২টার দিকে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার আসামি রবিউলকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই কামাল হোসেন জানান, গত দুই বছর আগে উপজেলার কমলাপুর গ্রামের মজিবুর রহমান বেপারীর ছেলে রবিউল বেপারীর (২১) সঙ্গে ওই স্কুলছাত্রীর (১৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুবাদে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়ে মোবাইল ফোনে ডেকে প্রেমিকাকে ঘরের বাইরে আনে রবিউল।
এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে রবিউল।
শনিবার দুপুর ২টার দিকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শনিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়।
রবিউল বরিশাল আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি।
