Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

লরির ভেতর থেকে ৪৬ মরদেহ উদ্ধার!

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি লরির ভেতর থেকে অন্তত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৮ জুন) এসব মরদেহ খুঁজে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই অভিবাসনপ্রত্যাশী।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আরও অন্তত ১৬ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

কেএসএটি টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, গাড়িটি সান অ্যান্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেল সংলগ্ন এলাকায় খুঁজে পাওয়া গেছে।

নিউইয়ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর থেকে গাড়ির চালক লাপাত্তা। সান অ্যান্তোনিওর পুলিশ কর্মকর্তারা তাকে ধরতে অভিযান শুরু করেছেন।

টেক্সাসের সান অ্যান্তোনিও শহর মার্কিন-মেক্সিকান সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে অবস্থিত।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এসব মানুষের মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফলাফল’ এটি।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেছেন নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কীভাবে এতোগুলো মানুষ মারা গেলো তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং স্থানীয় পুলিশ এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

সূত্র: বিবিসি, রয়টার্স

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version