নিউজ টাঙ্গাইল ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের সংসদীয় আট আসনের নব নির্বাচিত এমপিরা শপথ বাক্য পাঠ করেছেন।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌথুরী নব-নির্বাচিত সংসদ সদস্যদের এ শপথ পাঠ করান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে প্রথমবারের মত চারজন সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করলেন। এরা হচ্ছেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বিজয়ী জেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে বিজয়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসন থেকে বিজয়ী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিজয়ী জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু।
অপরদিকে চতুর্থবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করেছেন, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে থেকে বিজয়ী মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একাব্বর হোসেন।
একই সাথে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করেছেন, টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে বিজয়ী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে বিজয়ী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগ নেতা হাসান ইমাম খান সোহেল হাজারী।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন।
